ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটের আগের রাতে ৯ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগের রাতে নির্বাচনি দায়িত্ব থেকে ৯ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ আসনে ভোটগ্রহণ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আসনটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
প্রত্যাহার করা কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন। এ ছাড়া একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ভোটকেন্দ্রের সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার আব্দুল জব্বার।
জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।