ইরানে যৌথ হামলায় ট্রাম্পকে রাজি করাতে পারেননি নেতানিয়াহু
ইরানে আবারও সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করলেও মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর কাছ থেকে সবুজ সংকেত পায়নি তেল আবিব।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইসরায়েলের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলা চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। তবে এ প্রস্তাবে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট।
এর পেছনে অন্যতম কারণ হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান এয়াল জামিরের উদ্বেগের কথা উল্লেখ করেছেন ওই সূত্র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে জামির জানিয়েছিলেন, এ সময়ে ইরানে হামলা চালানো হলে ইসরায়েলের নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।
সিএনএনের আরেকটি সূত্রের দাবি, গত সপ্তাহেও ইরানে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টাও করা হয়। তবে ট্রাম্পসহ জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা আপাতত ইসরায়েলকে হামলা স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে সামরিক অভিযান চালাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।