প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক
||
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষকযুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পরে হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেন এক স্থানীয় নাগরিক।বৃহস্পতিবার দুপুরে পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশপ্রধান মাইক ক্রান্তজ এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহতদের মধ্যে রয়েছে ৭ বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ১৬ বছর বয়সী ওই কিশোর আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। সে স্কুলটির সাবেক শিক্ষার্থী কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।দুপুর ১২টা ৫৯ মিনিটের দিকে জরুরি সেবায় প্রথম ফোন আসে। গাড়িতে থাকা এক ব্যক্তি জানান, রাইফেল হাতে এক কিশোর তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে। এর দুই মিনিটের মধ্যে স্কুলটিতে লকডাউন জারি করা হয়। পরে জরুরি সেবায় একের পর এক ফোন আসতে থাকে।এ সময় এক স্থানীয় নাগরিক বন্দুকধারীকে অস্ত্র হাতে স্কুলে প্রবেশ করতে দেখে তার পিছু নেন। পরে স্কুলের ভেতরে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালান তিনি। এতে হামলাকারী নিহত হয়। পুলিশের ধারণা, ওই নাগরিকের তাৎক্ষণিক পদক্ষেপে আরও প্রাণহানি এড়ানো সম্ভব হয়ে থাকতে পারে।পরে পুলিশ সদস্যরা স্কুল ভবনে প্রবেশ করে হামলাকারীর মরদেহ দেখতে পান। এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে তাঁরা নিশ্চিত করেন, সেখানে আর কোনো হামলাকারী বা তাৎক্ষণিক হুমকি নেই। এরপর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্কুলের সব কক্ষ থেকে শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে তাঁদের বাসে করে কাছের একটি গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে উদ্বিগ্ন অভিভাবকেরা সন্তানদের সঙ্গে মিলিত হন।স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা বেন্ড শহরের জন্য নজিরবিহীন। হামলার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তদন্তে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।ওরেগনের গভর্নর টিনা কোটেক শোক প্রকাশ করে রাজ্যবাসীকে এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো বাবা-মায়ের জন্য এমন দিন দেখা অত্যন্ত হৃদয়বিদারক। একই সঙ্গে হামলাকারীকে থামাতে এগিয়ে আসা ওই নাগরিকের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মার্কিন সিনেটর জেফ মার্কলিসহ দেশটির একাধিক রাজনৈতিক নেতাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৬৯টির বেশি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বন্দুক সহিংসতা প্রতিরোধী সংগঠন এভরিটাউন ফর গান সেফটির তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির বিভিন্ন স্কুল ক্যাম্পাসেও শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।বেন্ডের এই হামলা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চলমান উদ্বেগকে আবারও সামনে নিয়ে এসেছে।
সূত্র: আল জাজিরা, সিএনএন
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪