প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর শর্তে যুদ্ধবিরতি পিছিয়েছে ছয় মাস, প্রাণ হারান আরও ৯ হাজার ফিলিস্তিনি
||
নেতানিয়াহুর শর্তে যুদ্ধবিরতি পিছিয়েছে ছয় মাস, প্রাণ হারান আরও ৯ হাজার ফিলিস্তিনি২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতিরিক্ত শর্তের কারণে বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি ছয় মাস পিছিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিল গর্ডন। তাঁর দাবি, এই বিলম্বের সময়ে আরও প্রায় ৯ হাজার ফিলিস্তিনি প্রাণ হারান। এ ছাড়া বহু ইসরায়েলি জিম্মিও মারা যান।২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল গর্ডন। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।গর্ডনের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু নিজের নিরাপত্তাপ্রধানদের পরামর্শ উপেক্ষা করে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে অতিরিক্ত শর্ত যুক্ত করেছিলেন। এর ফলে সমঝোতায় পৌঁছাতে আরও ছয় মাস সময় লেগে যায়।গাজার আরও বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে ইসরায়েলগাজা উপত্যকায় সামরিক অভিযানের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা আরও সংকুচিত এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছেন।গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা এখন ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে বা বিধিনিষেধের আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার আওতায় গাজায় ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নির্ধারণ করা হয়েছিল। এই রেখার এক পাশে ইসরায়েলি বাহিনী এবং অন্য পাশে গাজাবাসীর অবস্থান।তবে ইসরায়েলি সামরিক বাহিনী ধীরে ধীরে এই রেখার পরিধি বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দক্ষিণ-পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় সীমানা আরও কয়েক মিটার সম্প্রসারণ করে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে আবারও ঘরবাড়ি ছেড়ে সরে যেতে হয়েছে।এ বিষয়ে আলজাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি বলেন, মূল প্রশ্ন শুধু হলুদ রেখা বর্তমানে কোথায় রয়েছে, তা নয়; বরং ভবিষ্যতে রেখাটি কোথায় গিয়ে ঠেকবে, সেটিই বড় উদ্বেগের বিষয়।তিনি বলেন, তিন বছর ধরে বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর জন্য পরিস্থিতি এখনো অত্যন্ত কঠিন। তাদের কোথায় আশ্রয় নিতে হবে, সেই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে।ইসরায়েলি হামলায় নিহত দুই ফিলিস্তিনিগাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার চিকিৎসা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতেও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এসব হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত থাকায় গাজায় নিরাপত্তা পরিস্থিতি এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪