প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৪ দিনেও আন্দোলন, বন্ধ একাডেমিক কার্যক্রম
||
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৪ দিনেও আন্দোলন, বন্ধ একাডেমিক কার্যক্রমচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ১৪ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দীর্ঘদিনের আন্দোলনের কারণে এখনো বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।সোমবার উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা। পরে দুপুরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি স্বাধীনতা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মঈনুল ইসলাম বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ছাত্রজীবন যাতে বিলম্বিত না হয়, সে জন্য দ্রুত দাবি মেনে নিয়ে ক্লাস-পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের ভাঙচুর বা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করা হচ্ছে না বলেও জানান তিনি।এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন তারা।প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তারা। এরপর লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল ও মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তবে এখনো দাবির বিষয়ে সমাধান না হওয়ায় দুই সপ্তাহ পেরিয়েও চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪