প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার
||
দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবারদিনাজপুরের ফুলবাড়ীতে হাত-পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের জন্মগত শারীরিক বৈশিষ্ট্যকে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। শিশুটিকে একনজর দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। তবে অতিরিক্ত আঙুলের পাশাপাশি ঠোঁটে জন্মগত ত্রুটি থাকায় মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার দিনমজুর বাবা-মা।গত ১৩ সেপ্টেম্বর উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলাম আরিফ ও লিজা আক্তার দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়। ফুলবাড়ী সদরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকের দুই হাত ও দুই পায়ে সাতটি করে মোট ২৮টি আঙুল ছিল। প্রতিটি আঙুলেই নখ ছিল।তবে জন্মের দুই দিন পর শিশুটির বাম হাতের একটি অতিরিক্ত আঙুল নিজে থেকেই ঝরে পড়ে। অতিরিক্ত আঙুলের পাশাপাশি শিশুটির ঠোঁটেও জন্মগত ত্রুটি রয়েছে।প্রথম সন্তানের এমন শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন বাবা আসাদুল ইসলাম। ভ্যান চালিয়ে সীমিত আয় দিয়ে সংসার চালানো এই বাবা জানান, মেয়ের ঠোঁটের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বড় অঙ্কের অর্থ জোগাড় করা তাঁর পক্ষে কঠিন। তবে মেয়ের সুস্থতার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।শিশুটির দাদা আমজাদ হোসেন ও দাদি আয়েশা আক্তারও নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।শিশুটির জন্মের সময় লিজা আক্তারের অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. এম এ এন নূরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শিশুটির হাত-পায়ের অতিরিক্ত আঙুলের কারণে আপাতত তেমন কোনো শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। তবে ঠোঁট ও তালুর জন্মগত ত্রুটি ঠিক করতে পরবর্তীতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস কে সাদেক আলী শিশুটির অতিরিক্ত আঙুলের বিষয়টিকে ‘পলিড্যাক্টিলি’ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এটি কোনো রোগ নয়; বরং একটি জন্মগত শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে।
তবে শিশুটির শরীরের ভেতরে অন্য কোনো জটিলতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪