প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলা তীব্র, নিহত ৫; মক্কায় হামলার দাবি অস্বীকার হুতিদের
||
সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলা তীব্র, নিহত ৫; মক্কায় হামলার দাবি অস্বীকার হুতিদেরসৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। এদিকে সৌদি আরবের দাবি, হুতিরা মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছিল—এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ গভর্নরেটে হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহত ব্যক্তি দেশটিতে বসবাসকারী একজন ইয়েমেনি নাগরিক।হুতিদের সাম্প্রতিক হামলা জোরদারের পর চলতি মাসে সৌদি আরবে এটিই প্রথম ঘোষিত প্রাণহানির ঘটনা। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরান-সমর্থিত হুতিরা।অন্যদিকে বৃহস্পতিবার ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার অভিযোগ করেছে হুতিরা। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছে। একই দিনে ইয়েমেনের আবস শহরে হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়।পরে হুতিদের সমর্থক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি-সমর্থিত বাহিনীর হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখানে ‘সৌদি-সমর্থিত বাহিনী’ বলতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে বোঝানো হয়েছে।এদিকে তায়েফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে। বাহরাইনও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা এবং তায়েফে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগের নিন্দা জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনিও হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।মক্কায় হামলার দাবি অস্বীকারসৌদি আরবের দাবি, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন পাঠিয়েছিল। পরে সেটি শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা আরও বেড়েছে।তবে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুতি নেতা আবদেল-মালেক আল-হুতি সৌদি আরবের এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি এটিকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেন।আল-হুতি বলেন, মক্কা লক্ষ্য করে হুতিরা হামলা চালিয়েছে—সৌদি আরবের এমন দাবি ভিত্তিহীন প্রচারণা। তাঁর ভাষ্য, ইয়েমেনের মানুষের কাছে মক্কার পবিত্রতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।তিনি আরও অভিযোগ করেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য পূরণে সৌদি আরব ‘মিথ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে’।সানা থেকে আল জাজিরার সাংবাদিক ইউসেফ মাওরি বলেন, আল-হুতির ভাষণটি শুধু ইয়েমেনের মানুষের উদ্দেশে নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও একটি বার্তা। তাঁর মতে, ভাষণের মাধ্যমে হুতি নেতৃত্ব পরিষ্কার করতে চেয়েছে যে মক্কাকে লক্ষ্য করে হামলার সৌদি অভিযোগ তারা অস্বীকার করছে।ভাষণে আল-হুতি আরও দাবি করেন, ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের এই দফা সৌদি আরব শুরু করেছে এবং হুতি বাহিনী আত্মরক্ষামূলক অবস্থান থেকে অভিযান চালাচ্ছে।অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি দাবি করেছেন, তাইজ, মারিব, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বাইদা ও আল-দালেতে হুতি বাহিনী বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
ইয়েমেনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আল-আলিমি বলেন, লোহিত সাগর উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রগতি সাময়িক। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা তাঁর এই বক্তব্য প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪