প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
থানচিতে ভয়াবহ আগুন, পুড়ল ১৩ দোকান
||
থানচিতে ভয়াবহ আগুন, পুড়ল ১৩ দোকানবান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বাজারের পাহারাদার আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের মালিক হলেন—রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারবিন আক্তার, সাথোয়াই মারমা, শঙ্খ রাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগর।বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নিহার বিন্দু চাকমা ও চিকন্যা চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো মালিকই রাতে দোকানে ছিলেন না। সবাই নিজ নিজ বাড়িতে ছিলেন। আগুনের খবর পেয়ে দোকানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।তাঁরা ধারণা করছেন, কোনো দোকানে ফ্রিজ চালু থাকা অথবা গ্যাসের চুলা অতিরিক্ত গরম হয়ে ত্রুটি বা বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪