প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, পঞ্চগড়ে স্ত্রী আটক
||
পঞ্চগড়ে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটকপঞ্চগড় সদর উপজেলায় আলম হক (৩০) নামের এক যুবককে বিষাক্ত পদার্থ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী মৌসুমী আক্তারের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় মৌসুমীকে আটক করেছে পুলিশ।নিহত আলম হক সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামের তোসলিম উদ্দীনের ছেলে। পরিবারের অভিযোগ, একই এলাকার বাবুল নামের এক ব্যক্তির পরামর্শে মৌসুমী তাঁর স্বামীকে বিষাক্ত ওষুধ খাইয়েছেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে আলম হকের সঙ্গে মৌসুমীর বিয়ে হয়। গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে খাবার খাওয়ার পর আলম অসুস্থ বোধ করেন। কিছুক্ষণ পর তাঁর পেটে ব্যথা শুরু হয় এবং তিনি বমি করতে থাকেন। স্বজনেরা তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। রংপুর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।স্বজনদের অভিযোগ, পরিবারের সদস্যরা জড়ো হওয়ার পর আলমকে পানি পান করানোর কথা বলে শরবতের সঙ্গে আরও কিছু ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।রোববার বিষয়টি পুলিশকে জানানো হলে আলমের মরদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। পরে সোমবার স্থানীয়দের কাছে মৌসুমী তাঁর স্বামীকে ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।মৌসুমীর দাবি, বাবুল নামের ওই ব্যক্তি তাঁকে ওষুধ দিয়েছিলেন। তাঁর ভাষ্য, বাবুল প্রায় এক বছর ধরে বিভিন্নভাবে তাঁকে বিরক্ত করতেন এবং মোবাইল ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা করার জন্য চাপ দিতেন। স্বামীকে খাওয়ানোর জন্য বাবুলই তাঁকে ওষুধ দেন এবং সেটিকে ঘুমের ওষুধ বলে জানান। পাশাপাশি সন্তানদের নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও দাবি করেন মৌসুমী।নিহত আলমের ছোট বোন বলেন, ‘ভাবি আমার ভাইকে এভাবে বিষ খাইয়ে মারবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা এ ঘটনার বিচার চাই।’পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত হয়েছে। গতকাল পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। মৌসুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও আলমের মৃত্যুর সঙ্গে ওষুধ খাওয়ানোর সম্পর্ক ছিল কি না, তা তদন্তের পর স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪