প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘তুই বাচ্চা হারাইছিস, তো আমি কী করব?’—সন্তানের সন্ধানে বাবার বুকফাটা কান্না
||
‘তুই বাচ্চা হারাইছিস, তো আমি কী করব?’—সন্তানের সন্ধানে বাবার বুকফাটা কান্নাদেড় মাস ধরে নিখোঁজ ১২ বছরের ছেলে মো. আলী। সন্তানকে ফিরে পাওয়ার আশায় থানায় অভিযোগ জানাতে গিয়ে তিন দিন ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঝিনাইদহের খাজুরা গ্রামের কাপড় বিক্রেতা হোশেন আলী। সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।হোশেন আলীর অভিযোগ, থানায় সন্তান নিখোঁজের বিষয়টি জানাতে গেলে এক পুলিশ সদস্য তাঁকে বলেন, ‘তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জিরো মিসিং চিল্ড্রেন’ আয়োজিত ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলনে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা এমন নানা অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা এতে অংশ নেন।সংবাদ সম্মেলনে বক্তারা নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান, নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং এ বিষয়ে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজ-সংক্রান্ত ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু।সংবাদ সম্মেলনে সাভারের বলিয়ারপুর থেকে নিখোঁজ চার বছরের শিশু যাদব কর্মকারের মা বাসনা কর্মকার অভিযোগ করেন, ফোনে হুমকি পাওয়ার পর সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দেওয়া হলেও তদন্তে কার্যকর অগ্রগতি দেখা যায়নি।কামরাঙ্গীরচর থেকে ১১৫ দিন ধরে নিখোঁজ তিন বছরের শিশু সামিয়ার পরিবারের সদস্যরাও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেন। তাঁদের দাবি, টিকটকে শিশুটিকে ‘মিঠাই’ নামে দেখা যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় মামলা প্রথমে ডিবি এবং পরে পিবিআইতে গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি।এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, অনলাইনে জিডি করার ব্যবস্থা রয়েছে। কোনো জিডি প্রত্যাখ্যাত হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত সবাই শিশু। ফলে প্রেম, অভিমানসহ বিভিন্ন কারণে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনাও নিখোঁজ-সংক্রান্ত জিডিতে আসে। পুলিশের অন্যান্য দায়িত্বের পাশাপাশি শিশু নিখোঁজের বিষয়টিতেও যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার, দীর্ঘদিন ধরে অমীমাংসিত ঘটনাগুলোর পুনঃতদন্ত এবং শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে ভুক্তভোগী পরিবারগুলোর।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪