প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
||
উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার বিকেলে জেলার মনোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, পিসরি থানা এলাকার মনোরি গ্রামের কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানান তিনি।কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের একাধিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়ি বিস্ফোরণের তীব্রতায় ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।বিস্ফোরণের তীব্রতার কারণে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজমির-শিয়ালদহ এক্সপ্রেসকে মনোরি স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দিল্লি-বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে সাইয়াদ সারওয়ান স্টেশনে আটকে রাখা হয়।খবর পেয়ে কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল, পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপাত এবং প্রয়াগরাজ রেঞ্জের আইজি অজয় মিশ্র ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা অংশ নেন।ঘটনাস্থলে এক ডজনের বেশি ফায়ার সার্ভিসের গাড়ি ও প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। কাছাকাছি মনোরি বিমানবাহিনী ঘাঁটি থাকায় উদ্ধারকাজে প্রায় ৫০ জন বিমানবাহিনীর সদস্যও যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। এ কাজে ১০টি বুলডোজার ব্যবহার করা হচ্ছে।বিস্ফোরণে এলাকার উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎলাইন মেরামতের কাজ চলছে।এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪