প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
অতিথি না করায় মাইক ভাড়া করে ‘১৪৪ ধারা’ জারি, ফাইনাল ম্যাচ স্থগিত; ছাত্রদল নেতাকে শোকজ
||
অতিথি না করায় মাইক ভাড়া করে ‘১৪৪ ধারা’ জারি, ফাইনাল ম্যাচ স্থগিত; ছাত্রদল নেতাকে শোকজনাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় নিজ উদ্যোগে মাইক ভাড়া করে এলাকায় ‘১৪৪ ধারা জারি’র ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীর বিরুদ্ধে। তাঁর এমন ঘোষণার পর ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়।এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নাটোর জেলা ছাত্রদল।রোববার (২৩ আগস্ট) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়েছে, লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছর ধরে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে আসছে। গ্রামের কলেজ, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীদের দল এতে অংশ নেয়। এবারও প্রায় ১৫ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়। শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ।আয়োজকেরা জানান, টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত গ্রামের প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে অতিথি করা হয়। তবে এবার ছাত্রদল নেতা মারুফ আলীকে অতিথি করা হয়নি।আয়োজক কমিটির সদস্য মাহবুব হোসেন বলেন, ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার দাবি জানিয়ে আসছিলেন মারুফ আলী। তবে স্থানীয় ঐতিহ্য অনুসরণ করে আয়োজক কমিটি সেই দাবি আমলে নেয়নি।এরপর শুক্রবার বেলা ১১টার দিকে মারুফ আলী নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে মাইকিং করেন। তিনি প্রচার করেন, খেলার মাঠে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে এবং সেখানে কেউ খেলতে পারবেন না। পরে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়।গ্রামের প্রবীণ ব্যক্তি আজিজুর রহমান ও আবুল কালাম আজাদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া ১৪৪ ধারা জারি করার এখতিয়ার কারও নেই। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে জেলা ছাত্রদলের দেওয়া নোটিশের জবাব দিতে বলা হয়েছে মারুফ আলীকে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪