প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
জয়পুরহাটে ৩ ঘণ্টা পর সচল বরেন্দ্র এক্সপ্রেস, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক
||
জয়পুরহাটে ৩ ঘণ্টা পর সচল বরেন্দ্র এক্সপ্রেস, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিকজয়পুরহাটে আকস্মিকভাবে বিকল হয়ে পড়া আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্ত কয়েল স্প্রিং ও বডি মেরামতের পর প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল যোগাযোগও পুনরায় চালু হয়েছে।শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই বিকল হয়ে যায়। ট্রেনটির একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে গেলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।তবে চালক ও ট্রেন পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ট্রেনটির পরিচালক আনোয়ার হোসেন জানান, বগির স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেন ও কয়েক শ যাত্রীকে সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।এদিকে ট্রেনটি আটকে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।ঘটনার পর পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে উদ্ধারকারী দলের সহায়তা চাওয়া হয়। পরে সান্তাহার রেলওয়ের ক্যারেজ মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগির কয়েল স্প্রিং ও বডি মেরামতের কাজ শুরু করেন।ট্রেনটির সহকারী চালক রবীন হোসেন জানান, মেরামত শেষে শনিবার বেলা ১১টা ২০ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেস ঘটনাস্থল থেকে জয়পুরহাট রেলস্টেশনের উদ্দেশে রওনা হয়।এর ফলে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
সূত্র: ইউএনবি
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪