প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার তিন কারাগারে দাঙ্গা, নিহত ৩ বন্দি; আহত ২৩
||
শ্রীলঙ্কার তিন কারাগারে দাঙ্গা, নিহত ৩ বন্দি; আহত ২৩আন্তর্জাতিক ডেস্ক: মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে শ্রীলঙ্কার একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত তিনজন বন্দি নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি কারাগারে পুলিশ ও বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণকারী ইউনিট মোতায়েন করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী আনন্দ উইজেপালা।মন্ত্রী জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন প্রিজনে প্রায় ৪০ জন বন্দি সেল ভেঙে বের হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে একজন বন্দি নিহত হন।পরদিন শুক্রবার সকালে রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কুরুউইটা কারাগারে দ্বিতীয় দফায় দাঙ্গা শুরু হয়। সেখানে সংঘর্ষে আরও দুই বন্দি নিহত হন।এ ছাড়া রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগম্বোর একটি উন্মুক্ত কারাগারেও বন্দিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে বেশ কয়েকজন বন্দি কারাগারের ছাদ ও খোলা মাঠে চলে গেলে দাঙ্গা পুলিশ তাদের নিজ নিজ ওয়ার্ডে ফিরিয়ে নেয়।জননিরাপত্তা মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী ও প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধ থেকেই এসব সহিংসতার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত ছিল কি না, তা খতিয়ে দেখছে সরকার।বন্দিদের অধিকারবিষয়ক কমিটির সভাপতি সেনাকা পেরেরা বলেন, শ্রীলঙ্কার কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দি অবস্থান করছেন। দেশটির বিচারমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, ১০ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারগুলোতে ৩৯ হাজারের বেশি বন্দি রয়েছে। তাদের বড় একটি অংশ মাদক মামলায় বিচারাধীন।কারাগারগুলোর অতিরিক্ত ভিড় কমানো এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে সরকার উচ্চ আদালতের বিচারকদের চাকরির মেয়াদ বাড়ানোর পরিকল্পনাও করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪