প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
এক সপ্তাহে কাঁচামরিচের কেজিতে বেড়েছে ১৬০ টাকা, আজ থেকেই আমদানির আশা সরকারের
||
এক সপ্তাহে কাঁচামরিচের কেজিতে বেড়েছে ১৬০ টাকা, আজ থেকেই আমদানির আশা সরকারেরঢাকা: রাজধানীর বাজারে হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও কিছু বাজারে কেজিপ্রতি দাম ৪০০ টাকায় পৌঁছেছিল, যা গত সপ্তাহে ছিল প্রায় ২০০ টাকা।ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।দাম নিয়ন্ত্রণে আনতে কাঁচামরিচ আমদানির অনুমতি এবং আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আশা প্রকাশ করে বলেছেন, সোমবার (৩ আগস্ট) থেকেই আমদানি শুরু হবে। এতে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম উপস্থিত ছিলেন।এদিকে কারওয়ান বাজার, রায়েরবাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে কাঁচামরিচ ৩২০ থেকে ৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উন্নত মানের মরিচের দাম আরও বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, বর্ষার কারণে অনেক এলাকায় মরিচগাছ নষ্ট হয়ে গেছে। কোথাও গাছ পচে যাচ্ছে, আবার কোথাও ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। ফলে আড়তে পর্যাপ্ত কাঁচামরিচ আসছে না। তিনি জানান, রোববার আড়ত থেকে প্রতি কেজি মরিচ ৩০০ টাকায় কিনতে হয়েছে। পাশাপাশি ভারত থেকে আমদানি বন্ধ থাকাও বাজারে সরবরাহ সংকট বাড়িয়েছে।কৃষিমন্ত্রী বলেন, আমদানির অনুমতির পাশাপাশি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি শুরু হলে সরবরাহ বাড়বে এবং বাজারে মূল্য স্থিতিশীল হবে।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে।এর আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন এলাকায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে সাময়িক চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আমদানির অনুমতি ও শুল্ক কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪