প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতা নিহত
||
পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতা নিহত
পরিবারের দাবি, পিটিয়ে হত্যা; একজন আটক, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তসংবাদ:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীরপাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে তোহার বাড়ির একটি কলাগাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন তোহা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি এজাহার মিয়ার ছেলে। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় তোহাকে শক্ত লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪