প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
পাবনায় পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে স্কুলশিক্ষিকার মরদেহ, রাতে সিঁধ কেটে প্রবেশের সন্দেহ
||
পাবনায় পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে স্কুলশিক্ষিকার মরদেহ, রাতে সিঁধ কেটে প্রবেশের সন্দেহপাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢোকার পর বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গীতা রানী স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা এবং একদন্ত গ্রামের নন্দ দাসের স্ত্রী। তার স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন। বাড়িতে তিনি একাই বসবাস করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। এ সময় গীতা রানী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাকে হত্যা করে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে মরদেহ ফেলে রাখা হয় বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা।বৃহস্পতিবার সকালে গীতা রানীকে খুঁজতে গিয়ে স্থানীয়রা টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, "হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব দিক বিবেচনায় নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।"ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪