প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
ভৈরবে বাসের ধাক্কায় ছয় যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত ২৫
||
ভৈরবে বাসের ধাক্কায় ছয় যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত ২৫কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা, সামনে থাকা আরেকটি অটোরিকশা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাসও দুর্ঘটনার শিকার হয়।আহতদের মধ্যে দিনেশ (৬৫), ঝর্ণা রাণী (৫০), টিপু (২২) ও রেজিয়া (৭০) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গুরুতর আহত ঝর্ণা রাণীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী মামুন মিয়া বলেন, দিগন্ত পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।দিগন্ত পরিবহনের যাত্রী নাহিদ ইসলাম জানান, ভৈরব টোলপ্লাজার কাছে এসে বাসটির ব্রেক কাজ করছিল না। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোতে আঘাত করে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।আরেক যাত্রী সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে এর চালক গুরুতর আহত হন।ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। দুটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত যান উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪