প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
বাঘার ইউএনও শাম্মী আক্তার বদলি, অপসারণ দাবির একদিন পর আদেশ
||
বাঘার ইউএনও শাম্মী আক্তার বদলি, অপসারণ দাবির একদিন পর আদেশরাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারকে বদলি করেছে সরকার। উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও অপসারণ দাবির একদিন পরই তার বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ-সংক্রান্ত আদেশ সোমবারই জারি করা হয়েছিল।এর আগে রোববার উপজেলা বিএনপির নেতাকর্মীরা শাম্মী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচি থেকে তার অপসারণেরও দাবি জানানো হয়।বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল রেহাসেন ও উপজেলা যুবদলের নেতা সালেহ আহাম্মেদ সালাম দাবি করেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র সামনে আসবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন একাধিক দপ্তরের দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম হয়েছে এবং দুই পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকাকালে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে।বিএনপি নেতাদের অভিযোগ, শাম্মী আক্তার একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাঘা ও আড়ানী পৌরসভার প্রশাসক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করায় প্রশাসনিক ভারসাম্য ব্যাহত হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, সুপারভাইজার নিয়োগের তালিকা প্রকাশ এবং নিয়োগ পরীক্ষার প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ তোলা হয়।তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাম্মী আক্তার। তার দাবি, তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। কিছু বিএনপি নেতার অনৈতিক দাবি ও তদবিরে সাড়া না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, বদলির আদেশের পেছনে অভিযোগগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগগুলোর সত্যতা সম্পর্কেও এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪