প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
পেনাল্টি মিসে বিব্রতকর বিশ্বরেকর্ড মেসির, টানা দুই ম্যাচে ব্যর্থ আর্জেন্টাইন অধিনায়ক
||
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে বড় ধাক্কা খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয়ে গড়েছেন এক অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড।মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। পিছিয়ে পড়ার চার মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের ভেতরে নিকোলাস ত্যাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।স্পট কিক নিতে আসেন লিওনেল মেসি। তবে তার ডানদিকে নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা।এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তার নেওয়া পেনাল্টি সেভ করেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক। যদিও সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।শুটআউটের বাইরে এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে নতুন এক অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড গড়লেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়াল চারটিতে, যা এখন সর্বোচ্চ।এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও লিওনেল মেসির দখলে। দুজনেরই দুটি করে পেনাল্টি মিস ছিল। তবে চলতি বিশ্বকাপে আরও দুটি পেনাল্টি হাতছাড়া করে সেই রেকর্ড এককভাবে নিজের নামে লিখিয়ে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস আর্জেন্টিনার ওপর বাড়তি চাপ তৈরি করেছে, আর মেসির নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বকাপ ইতিহাসের আরেকটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪