প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ফাঁস, ফেনীতে থানা থেকে প্রত্যাহার ওসি
||
ফোনালাপের অডিও ফাঁস, ফেনীতে থানা থেকে প্রত্যাহার ওসিফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিনের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৬ মিনিট ৮ সেকেন্ডের ওই অডিওতে মামলা, গ্রেপ্তার, দুই লাখ টাকা লেনদেন এবং ওসির বাসায় যাওয়ার বিষয়ে তাঁদের কথোপকথন শোনা যায়। একপর্যায়ে প্রয়োজনে কিডনি বিক্রি করে হলেও পুলিশকে টাকা দেওয়ার কথা বলেন তাসকিরা।এ ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তের পর আজ বুধবার বিকেলে ওসি ফয়জুল আজিম নোমানকে দাগনভূঞা থানা থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে ফোনালাপের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে পড়ে। এতে ওসি ফয়জুল আজিম নোমান ও তাসকিরা তানিন সনির কথোপকথন শোনা যায়। অডিওতে তাসকিরাকে ওসির কাছে সাহায্য চাইতে ফোন করতে শোনা যায়।ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে তাসকিরাকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাসায় যেতে বলতে শোনা যায়। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’তাসকিরা সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি ঠিক তো সব ঠিক।’ কথোপকথনের একপর্যায়ে তাসকিরা তাঁকে ‘আংকেল’ সম্বোধন করলে মনঃক্ষুণ্ন হন ওসি।অডিওর অন্য অংশে তাসকিরা তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তাসকিরা বলেন, বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে দুই লাখ টাকা দেওয়ার পরও পারভেজকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে গ্রেপ্তারের প্রয়োজনে কিডনি বিক্রি করে হলেও পুলিশকে টাকা দেবেন বলে জানান তিনি। বর্তমানে মেয়ের অসুস্থতার কারণে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে বলেও কথোপকথনে উল্লেখ করেন তাসকিরা।অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছিলেন বলে অভিযোগ করেন তাসকিরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।পুলিশের একটি সূত্র জানায়, গত ১০ নভেম্বর রাতে নিজ বাসা থেকে তাসকিরা তানিনকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা দাবি করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন।তবে ওসি ফয়জুল আজিম নোমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। ফোনালাপের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।ওসির সঙ্গে ফোনালাপের অডিও ফাঁসের বিষয়ে জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের স্বার্থে তাঁকে থানা থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪