প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা, ভবিষ্যৎ মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনা
||
চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা, ভবিষ্যৎ মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনাচাঁদের মাটিতে আলু চাষ করে সফল হয়েছেন বিজ্ঞানীরা। এই সাফল্য ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন অবস্থান করা মহাকাশচারীদের খাদ্যসংকট মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এ পরীক্ষা চালান।সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। গবেষকেরা চাঁদ থেকে আনা পাঁচ ধরনের মাটিতে ‘মোডক’ প্রজাতির আলু চাষ করেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু দ্রুত বেড়ে ওঠে। পরীক্ষায়ও তুলনামূলক দ্রুত ফল পাওয়া গেছে।চাঁদের মাটিতে চাষ কঠিন কেন?চাঁদের পৃষ্ঠ রেগোলিথ নামের পাথরকুচি ও ধুলায় আবৃত। পৃথিবীর মাটির মতো এতে জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। বরং তামাসহ বিভিন্ন ভারী ধাতু রয়েছে, যা উদ্ভিদের জন্য ক্ষতিকর। ফলে শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি।এই সমস্যা সমাধানে গবেষকেরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা রেড উইগলার কেঁচো দিয়ে তৈরি সার মেশান। এতে মাত্র ৫ শতাংশ সার মিশিয়েই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশানোর পর পৃথিবীর মাটির মতো ভালো ফলন পাওয়া যায়।চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। একই লক্ষ্য নিয়ে ২০৩০ সালের আগে চাঁদে মানুষ পাঠাতে চায় চীনও। দেশ দুটি চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। সেখানে দীর্ঘদিন অবস্থানের জন্য পৃথিবী থেকে সব খাবার পরিবহন করা সম্ভব নয়। তাই চাঁদে খাদ্য উৎপাদন ভবিষ্যৎ মহাকাশ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।বিজ্ঞানীদের মতে, আলু ক্যালোরির ভালো উৎস। এতে কলার চেয়ে বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন ও ফাইবার রয়েছে। এ ছাড়া আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।পরীক্ষায় কেমন ফলন হলো?গ্রিনহাউসে ছোট টবে চালানো এই পরীক্ষায় উৎপাদিত আলুগুলোর ওজন ১০ গ্রামের কম ছিল। বিজ্ঞানীরা এখনো সেগুলো খেয়ে দেখেননি; পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় আলুগুলো খাওয়ার উপযোগী ও পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকার তথ্য পাওয়া গেছে। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু শনাক্ত হওয়ায় আরও পরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।মহাকাশে আলু চাষের গবেষণা নতুন নয়মহাকাশে আলু চাষ নিয়ে আগেও গবেষণা হয়েছে। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে বেগুনি আলু চাষ করে সফল হন। তিনি আলুটির নাম দেন ‘স্পাডনিক’। মহাকর্ষ না থাকায় আলুটির শিকড় নিচের দিকে না গিয়ে ওপরের দিকে বেড়ে ওঠে। হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় আলু চাষের দৃশ্য দেখে তিনি এ পরীক্ষায় অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানান।আলুর পাশাপাশি চাষ হচ্ছে অন্যান্য ফসলওচাঁদের মাটিতে আলুর পাশাপাশি ছোলা, টম্যাটো, লেটুস ও আলফালফা চাষ নিয়েও গবেষণা চলছে। গত মার্চে কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা উৎপাদনের পরীক্ষা করা হয়।গবেষণার সহলেখক ডেভিড হ্যান্ডির মতে, এই প্রযুক্তি শুধু মহাকাশেই নয়, পৃথিবীতেও কাজে লাগতে পারে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত ও অনুর্বর জমিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪