প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
||
অপরাধ ঘটার আগেই প্রতিরোধ, নাশকতা দমনে বদলাচ্ছে সরকারের কৌশলআগাম গোয়েন্দা তথ্য, সমন্বিত অভিযান ও পরিকল্পনাকারীদের শনাক্ত করার ওপর গুরুত্বঅপরাধ ঘটার পর অভিযান নয়, এবার অপরাধ ঘটার আগেই প্রতিরোধ গড়ে তুলতে চায় সরকার। সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানা ও সরকারি স্থাপনায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বদলে যাচ্ছে সরকারের কৌশল। শুধু গ্রেপ্তার কিংবা অতিরিক্ত বাহিনী মোতায়েন নয়, নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক নির্দেশনায় সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে এ কৌশলের কার্যকারিতা নির্ভর করবে আগাম গোয়েন্দা তথ্য, বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা এবং নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার সক্ষমতার ওপর।সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। রাজনৈতিক সহিংসতা দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দীর্ঘমেয়াদি সংকট কাটানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।কেন কঠোর হচ্ছে সরকার?নভেম্বরের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও যাত্রীবাহী বাসে আগুন, কোথাও রেলপথে অগ্নিসংযোগ, আবার কোথাও থানা, পুলিশের যানবাহন ও সরকারি স্থাপনায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের ও ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরের প্রথম ২০ দিনে ককটেল বিস্ফোরণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে রাজধানী ও ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলায় অতিরিক্ত সদস্য মোতায়েন, তল্লাশি চৌকি স্থাপন ও সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, জবাবদিহির নির্দেশদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও সময়োপযোগী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গত ১৫ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিজ নিজ নির্বাচনি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।প্রধানমন্ত্রীর কঠোর বার্তার পাশাপাশি পুলিশের নিরপেক্ষতা ও জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে পুলিশকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন। অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী অবস্থান বিবেচনা না করে আইনি পদক্ষেপ নিতে হবে।’পাশাপাশি জনগণের আস্থা অর্জন, নিরপরাধ মানুষকে হয়রানি না করা এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান, কাউকে ছাড় নয়সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা একাধিকবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে নাশকতাকারীদের পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড পর্যালোচনা করে শনাক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।তবে নির্বিচারে বলপ্রয়োগের পরিবর্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে মন্ত্রী বলেছিলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।আইজিপির নির্দেশ, প্রকৃত অপরাধীদের ধরতে হবেপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নাশকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।গত ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ের হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।অভিযানের নামে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আইজিপি আবারও কঠোর আইনানুগ পদক্ষেপের বার্তা দেন। ভবিষ্যতে নাশকতা মোকাবিলায় বাহিনী আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইন এবং সংবিধান অনুযায়ী যা দরকার সব করা হবে।’স্থানীয় শান্তিপ্রিয় মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান আইজিপি। একই দিন জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নাশকতায় জড়িতদের শনাক্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি বিবেচনায় কৌশলী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।২০ নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন আইজিপি আলী হোসেন ফকির, এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তাদের সফরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের বিষয়টি গুরুত্ব পায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবিসার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতা বাড়ানো হয়েছে।শনিবার (২১ নভেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েনের তথ্য জানান বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে দুই, ফরিদপুরে পাঁচ এবং কক্সবাজারে ছয় প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।নিরাপত্তা জোরদারে মাঠে আনসারের ৫৩ প্লাটুনআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলায় আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জানান, সাত জেলায় বর্তমানে ৪৯ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে পাঁচ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোতায়েন রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহে আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোতায়েন ও পরিকল্পিত সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে।গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার সরকারি স্থাপনা, কারাগার, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা ও যান চলাচল স্বাভাবিক করতে টহল এবং নজরদারি অব্যাহত রয়েছে।কয়েকটি এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন আনসার সদস্যরা। জননিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, কেউ সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তা প্রতিরোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এসআরবি। তিনি জানান, গোপালগঞ্জে এসআরবি-৬ ও এসআরবি-১০ ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ দল দায়িত্ব পালন করছে।অন্যদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি, তল্লাশি চৌকি স্থাপন ও দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।রাজধানীতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের নির্দেশনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাতের টহল ও তদারকি বাড়ানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, দিন ও রাতে চেকপোস্ট এবং পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, নাশকতা ও নৈরাজ্য কোনোভাবেই সহ্য করা হবে না। অধস্তন কর্মকর্তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।গ্রেপ্তার বাড়লেও অপরাধের শিকড় শনাক্তের ওপর গুরুত্বরাজধানীতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের পরিসংখ্যানেও তৎপরতা বৃদ্ধির চিত্র পাওয়া যাচ্ছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বরের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ৫৩৭ জন, ২০ নভেম্বর ৪৭৪ জন এবং ২১ নভেম্বর ২৯৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।তবে এসব গ্রেপ্তারের সবই সাম্প্রতিক নাশকতার ঘটনায় নয়। নিয়মিত অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি পরিকল্পনাকারী, অর্থের উৎস, সরবরাহ ব্যবস্থা ও নির্দেশদাতাদের শনাক্ত করা জরুরি। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ডিজিটাল যোগাযোগ ও ফরেনসিক আলামতের কার্যকর ব্যবহার করতে হবে। একই সঙ্গে তদন্তের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযোগপত্র দাখিল এবং আদালতে প্রমাণ উপস্থাপনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।কারণ, শুধু গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে অপরাধ দমনের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের নতুন কৌশল কতটা কার্যকর হবে, তা নির্ধারণ করবে অপরাধ প্রতিরোধ, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের প্রতি আস্থা নিশ্চিত করার সক্ষমতা।