প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ক্রিমিয়া সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলা, কিয়েভে পাল্টা আঘাত রাশিয়ার
||
কের্চ সেতুতে ইউক্রেনের হামলা, কিয়েভের দুই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার আঘাতইউক্রেনের হামলায় রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুর সড়ক অংশের একটি বড় অংশ ধসে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ভূ-অবস্থান যাচাই করা ছবি ও ভিডিওতে সেতুর ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।প্রায় ১২ মাইল দীর্ঘ এবং ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত কের্চ সেতু ইউরোপের দীর্ঘতম সেতু। রুশ সেনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর সেতুটি নির্মাণকে অগ্রাধিকার দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সিএনএনের যাচাই করা ভিডিওতে সেতুর সড়ক অংশের একটি অংশ পানিতে ধসে পড়তে দেখা গেছে। তবে পাশাপাশি থাকা রেলসেতুটি অক্ষত রয়েছে। অন্য একটি ভিডিওতে সেতুর একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা দুই দিনের মধ্যে দ্বিতীয় ইউক্রেনীয় হামলার পর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন বিশেষজ্ঞরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কের্চ সেতুতে একাধিকবার হামলা হয়েছে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, রাতভর ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।কিয়েভের দুই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলাঅন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি এলাকায় পানি ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতু রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। রাতভর রুশ হামলায় সেতু দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি জেলায় পানি ও তাপ সরবরাহে বিঘ্ন ঘটেছে।সিএনএনের এক সাংবাদিক জানিয়েছেন, সেতু দুটিতে হামলার কারণে নদীর দুই তীরেই ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনের সামরিক, পরিবহন, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোনের পাশাপাশি স্থল ও আকাশপথ থেকে নিক্ষেপযোগ্য নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪