প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ, ২১ বছর পর ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
||
শ্রাবণের এক ভুলেই স্বপ্নভঙ্গ, ২১ বছর পর ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের৮৫ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে রক্ষা করেছিলেন দলকে। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য হয়তো গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ মুহূর্তে সেই শ্রাবণেরই একটি ভুলে সব স্বপ্ন শেষ হয়ে যায়। তাঁর থ্রো-ইন থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান পাকিস্তানের আবদুল সামাদ। তাঁর একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল টমাস ডুলির দল। গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থেকে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠা এবং ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর সুযোগ ছিল সামনে। কিন্তু শেষ মুহূর্তের একটি ভুলেই ভেঙে যায় সেই স্বপ্ন।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে পাকিস্তান। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট ঠেকিয়ে দেন শ্রাবণ। ২৫ মিনিটেও তাঁর দৃঢ়তায় গোলবঞ্চিত হয় পাকিস্তান। ৩২ মিনিটে আবদুল সামাদের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে বাংলাদেশের সামনেও কয়েকটি ভালো সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি স্বাগতিক ফুটবলাররা।দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই ছিল সমানে সমান। ৭৬ মিনিটে আদিল নবির নিচু কোণাকুণি শট ঠেকিয়ে আবারও দলকে রক্ষা করেন শ্রাবণ। ৮৫ মিনিটে আবদুল সামাদের পাস থেকে আলী খানের শটও ফিরিয়ে দেন তিনি। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের গোলপোস্টের নির্ভরতার নাম ছিলেন শ্রাবণই।কিন্তু এরপরই ঘটে ম্যাচের সবচেয়ে বড় নাটকীয়তা।থ্রো-ইন করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের বদলি মিডফিল্ডার হাইয়ান খাট্টাকের কাছে। মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে খাট্টাক বল বাড়িয়ে দেন আবদুল সামাদকে। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান সামাদ। ১-০ গোলে এগিয়ে যায় পাকিস্তান। এক মুহূর্তের ভুলে বদলে যায় ম্যাচের চিত্র।গোলের পর গ্যালারিতে দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণে প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। পরে খেলা শুরু হলেও বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় স্বাগতিকদের ফাইনালে ওঠার স্বপ্ন।এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪