প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
আলাস্কায় সামরিক ঘাঁটির কাছে জেলিফিশের মতো রহস্যময় উড়ন্ত বস্তু!
||
আলাস্কায় সামরিক ঘাঁটির কাছে জেলিফিশের মতো রহস্যময় উড়ন্ত বস্তু!যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে অদ্ভুত এক উড়ন্ত বস্তু দেখা গেছে। কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় বস্তুটি। এক নারীর ক্যামেরায় ধরা পড়া এ দৃশ্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে।ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় আকাশে রংধনু দেখতে পান তিনি। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরের গাছপালার ওপরে কালো রঙের অদ্ভুত একটি বস্তু তাঁর নজরে আসে। তাঁর ধারণা, বস্তুটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে ছিল।ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি সেখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রম পরিচালিত হয়।অসবর্নের বর্ণনা অনুযায়ী, বস্তুটির নিচের দিকে কয়েকটি অংশ ঝুলে ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। বস্তুটি এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি এক পাশ থেকে অন্য পাশে ঘুরছিল। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় সেটি।প্রথমে বস্তুটিকে মশা বলে মনে হয়েছিল অসবর্নের। তবে ফোনের পর্দার বাইরে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণের পর তিনি বিষয়টি স্বামী পিটকে দেখান। পরে কয়েকটি ছবি ও ভিডিও ধারণ করেন। একই সময়ে দ্রুত কয়েকটি ছবি তোলায় বস্তুটির বিভিন্ন অবস্থানের স্থিরচিত্রও তাঁর কাছে রয়েছে।অসবর্ন জানান, বস্তুটির রং ছিল কালো ও রুপালি। পরিচিত ঘুড়ির মতো উজ্জ্বল রঙের ছিল না সেটি। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে দাবি করেন তিনি। বস্তুটির চলাচলও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না।ঘটনার পর অসবর্ন ও তাঁর স্বামী আশপাশের একটি পার্কে গিয়ে খোঁজ করেন, কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না। কিন্তু কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখেননি তাঁরা। পরে আর্টিক ভ্যালির দিকেও যান। প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান মেলেনি।অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাঁদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে এ দূরত্ব নিশ্চিত নয়। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখেছিলেন তাঁরা। সেটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও এর সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ নেই।বস্তুটি ঘুড়ি, ড্রোন নাকি অন্য কোনো উড়ন্ত বস্তু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ মেলেনি। অসবর্ন নিজেও ড্রোনজাতীয় কোনো যন্ত্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে জানান তিনি। তবে স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে তাঁর কোনো সন্দেহ হয়নি।অসবর্নের ভাষায়, বস্তুটি সেখানে ছিল, কিন্তু মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। ঘটনাটি সত্যিই ঘটেছে—এ নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।
সূত্র: ডেইলি মেইল
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪