প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ভারতের মণিপুরে বন্দুকধারীদের গুলিতে মা-ছেলেসহ নিহত ৪ নাগা
||
ভারতের মণিপুরে বন্দুকধারীদের গুলিতে মা-ছেলেসহ নিহত ৪ নাগাভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মা ও ছেলেসহ চারজন নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার ২০২ নম্বর জাতীয় সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।শুক্রবার প্রকাশিত দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১টার দিকে নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলটি লিটান এলাকায় অবস্থিত, যা ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কুকি-নাগা সংঘাতের অন্যতম কেন্দ্র।নিহত ব্যক্তিরা হলেন কাপাংখুই আরএস, তাঁর ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং ও অগাস্ট নাগালুং। তাঁদের মধ্যে প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের এবং অন্য দুজন তাশার গ্রামের বাসিন্দা। মণিপুর পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্বৃত্তরা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সমন্বয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।কর্মকর্তাদের তথ্যমতে, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান থেকে ৬ কিলোমিটার আগে অবস্থিত। একটি কুকি সংগঠনের অবরোধের কারণে গত আগস্ট পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে চলাচলকারী যানবাহনকে সরকার নিরাপত্তা এসকর্ট দিয়ে থাকে।এর ঠিক এক দিন আগে নাগা অধ্যুষিত উখরুলের পাশের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনায় এক কুকি নারী নিহত এবং দুজন পুরুষ আহত হন।এদিকে, নাগা সংগঠনগুলো শুক্রবারের হামলার পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছে। তবে কুকি গোষ্ঠীগুলো এ ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠনও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় কথিত এক বিবাদকে কেন্দ্র করে কুকি-নাগা সংঘাত শুরু হওয়ার পর থেকে মণিপুরে এ পর্যন্ত ৬৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: দ্য হিন্দু
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪