প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ, অপেক্ষা সপ্তমবারের
||
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ, অপেক্ষা সপ্তমবারেরভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রোববারের ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। এতে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালে ওঠার আশা এখনো টিকে আছে ভুটানের। তবে শেষ চারে যেতে হলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে। ওই ম্যাচে শ্রীলঙ্কা অন্তত এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠবে। অন্যদিকে বাংলাদেশ দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে বিদায় নিতে হবে শ্রীলঙ্কাকে।বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে ভুটান-শ্রীলঙ্কা ম্যাচটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ দল। তবে সকাল ১০টায় অনুশীলন শেষ করেই খেলোয়াড়দের নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলে যান কোচ। বিশেষ করে ১১ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা বুঝে নেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য।ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেলেও অধিনায়ক চেনচোর শট আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান চেনচো। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিও চলছে। অনুশীলনে ফিরেছেন শেখ মোরছালিন। এদিন পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।রক্ষণভাগের দুর্বলতা নিয়েও কাজ করছেন কোচ ডুলি। বিশেষ করে ম্যাচের শেষ দিকে গোল হজম করার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে চান তিনি। সাফের আগের ১৩ আসরে ৪৬ ম্যাচ খেলে বাংলাদেশ গোল হজম করেছে ৫২টি। এর মধ্যে ১৮টি গোল এসেছে ৭০ মিনিটের পর।তাই আক্রমণে ধার বাড়ানোর পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষণ সামলে খেলার ওপর জোর দিচ্ছেন কোচ।দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দিনের দুই ম্যাচের পর বাংলাদেশ ও পাকিস্তান জায়গা করে নিয়েছে শেষ চারে।তবে মাঠে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হলেও গ্যালারি পূর্ণ করতে পারেনি আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪