প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
দেওয়ানগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ, মক্তবের শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
||
দেওয়ানগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ, মক্তবের শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক মক্তব শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিক্ষকতা করতেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীর তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ২০২১ সালের ৫ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষও। সূত্র: বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪