প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের স্বপ্ন নিয়েই কবরে যেতে হবে: ইরান
||
ট্রাম্পকে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের স্বপ্ন নিয়েই কবরে যেতে হবে: ইরানপারস্য উপসাগরে কোনো পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশের স্বপ্ন নিয়েই কবরে যেতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার হুমকি জোরালো হওয়ার মধ্যে তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য এলো। এদিকে, তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে—এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তেহরান থেকে এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আলী আবদুল্লাহি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই এবং কোনো সময়েই আমরা মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেব না।’তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রবেশের দৃশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কেবল স্বপ্নেই দেখতে হবে। সেই স্বপ্ন নিয়েই তাঁকে কবরে যেতে হবে।’গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল সীমিত করে রেখেছে ইরান। এই প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এবং পারস্য উপসাগরে প্রবেশের প্রধান প্রবেশদ্বার।ইরানের এই পদক্ষেপের জবাবে দেশটির বন্দর ও জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওমানের উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের পথ দিয়ে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোও বারবার হামলার শিকার হয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) দাবি, তেহরানের বিবেচনায় ‘অবৈধ’ পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার আইআরজিসি জানায়, কৌশলগত এই জলপথে মাইনের আঘাতে ৪৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকার সাগরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।আইআরজিসির সেপাহ নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়েছে।শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে সংঘাত ও চলাচলে বাধা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।সূত্র: এএফপি
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪