বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে নেতা গ্রেপ্তার
বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল বের করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ব্যানার হাতে ২০ থেকে ২৫ জনকে মিছিলে অংশ নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।