ঢাবিতে অনশন কর্মসূচি থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন। অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন—এমন তথ্য পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে অভিযান চালায় শাহবাগ থানা পুলিশ। এ সময় সেখান থেকে চারজনকে আটক করা হয়।
অভিযানের সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় তাঁরা সহযোগিতা করেন।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।