পাঠদানের পদ্ধতি পরিবর্তনে শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান
নিজের পাঠদান নিয়ে প্রশ্ন তুলতে এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার শুরু থেকেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি অধ্যায় পড়ানোর পর কতজন শিক্ষার্থী তা বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি, তাদের শেখানোর জন্য কী পরিবর্তন আনা প্রয়োজন—তা শিক্ষকদের নিজেদেরই মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা ঠিক নয়। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে পাঠদানের মান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।