বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক, ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ যুবকের বিরুদ্ধে
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ওই তরুণী জানান, রাকিবের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। একপর্যায়ে পারিবারিকভাবে অন্যত্র তাঁর বিয়ে হয়। পরে রাকিব আবারও যোগাযোগ করে সম্পর্ক বজায় রাখার জন্য চাপ দিতে থাকেন।
তরুণীর অভিযোগ, গত ৮ জুন রাতে বিয়ের আশ্বাস দিয়ে রাকিব তাঁকে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বলে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পরও রাকিব তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে রাকিবের হুমকির মুখে ওষুধ সেবনের পর তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে তরুণী অভিযোগ করেন।
এ ছাড়া রাকিবের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তরুণীর আরও অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর তিনি রাকিবের কর্মস্থলের একটি চেম্বারে গিয়ে বিয়ের জন্য চাপ দিলে তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর রাকিব মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
অভিযোগের বিষয়ে রাকিবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।