বাসাইলে সাময়িক বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর করিব বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।