সার নিতে কৃষকদের ভিড়, রৌমারীতে উত্তেজনা
কুড়িগ্রামের রৌমারীতে আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় সার সংগ্রহকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ছয়টি ইউনিয়নে ডিলারদের মাধ্যমে একযোগে সার বিতরণ শুরু হলে বিভিন্ন গুদামের সামনে শত শত কৃষক ও উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমন ধানের চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে সকাল থেকেই কৃষকেরা ডিলারদের গুদামের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিপুলসংখ্যক কৃষক একসঙ্গে সার নিতে উপস্থিত হলে গুদাম এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
অনেকে সারিবদ্ধভাবে না দাঁড়িয়ে দ্রুত সার নেওয়ার চেষ্টা করলে ডিলারের লোকজনের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হয়। সার বিতরণে বিলম্ব হওয়ায় একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি গুদামের শাটার ভাঙার চেষ্টা করেন বলে জানা গেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও বিজিবির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে কৃষকদের সিরিয়াল অনুযায়ী সার বিতরণ আবার শুরু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউসার আলী বলেন, সারের গুদামগুলোতে একযোগে বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হওয়ায় এবং নিয়ম মেনে লাইনে না দাঁড়িয়ে সার নেওয়ার চেষ্টা করায় ডিলারের লোকজন ও কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সিরিয়াল অনুযায়ী সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
সার নিয়ে কৃষকদের মধ্যে আতঙ্কের বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, ‘রৌমারীতে কোনো সার-সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী নিয়ম মেনে সার বিতরণ করা হচ্ছে।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, ‘আমন মৌসুমে একসঙ্গে বিপুলসংখ্যক কৃষক সার সংগ্রহ করতে আসায় গুদামগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে। ফলে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সার মজুত রয়েছে।’
তিনি কৃষকদের অযথা আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে সার সংগ্রহের আহ্বান জানান।