মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় দুই নারী সাংবাদিককে থানায় নিয়ে মারধরের অভিযোগ
ভারতের রাজধানী দিল্লিতে দুই নারী সাংবাদিককে থানায় নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারী দুই সাংবাদিকই মুসলিম। তাদের ধর্মীয় পরিচয় জানতে চেয়ে পুলিশ নির্যাতন করেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
ডিজিটাল সংবাদমাধ্যম ‘৪পিএম’-এ কর্মরত সাংবাদিক শাহিন খান ও নাফিজা খান এ অভিযোগ করেন। তাঁদের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে প্রশ্ন করার কারণে তাঁদের ধর্মীয় পরিচয়কে সামনে এনে সাকেত থানায় নিয়ে হেনস্তা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে দুই সাংবাদিকের একজনের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁরা পুলিশের কথিত নির্যাতনের প্রমাণ হিসেবে শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের দাগ দেখান।
শাহিন খান ও নাফিজা খানের অভিযোগ, তাঁদের থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধর করেন। একই সঙ্গে তাঁদের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন করা হয়।
ঘটনার বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।