শ্রীপুরে পুকুরে বিষ দিয়ে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাদশা মিয়া জানান, এক একর জমির একটি পুকুর ইজারা নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন। পুকুরে পাঙাশ, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। পুরোনো প্রায় তিন হাজার মাছের পাশাপাশি সেখানে সাড়ে ১৩ হাজার পাঙাশের পোনা ছাড়া হয়েছিল। বর্তমানে প্রতিটি পাঙাশের ওজন গড়ে প্রায় ৮০০ গ্রাম হয়েছে।
তিনি বলেন, বুধবার বিকেলে মাছকে খাবার দিয়ে বাড়ি চলে যান। পরদিন শুক্রবার সকালে পুকুরের মালিক আমিনুল ইসলাম ফোন করে জানান, পানিতে মাছ মরে ভেসে উঠছে। খবর পেয়ে পুকুরে গিয়ে প্রথমে তাঁর ধারণা হয়, গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে মাছগুলো মারা যেতে পারে।
পরে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর পাশাপাশি গ্যাস কমানোর ওষুধ প্রয়োগ করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কিছু সময় পর পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে ওঠে।
বাদশা মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আরও দুই মাস পর মাছগুলো বিক্রি করার পরিকল্পনা ছিল। তখন ৩০ লাখ টাকার বেশি বিক্রির আশা করেছিলেন। মাছ মারা যাওয়ায় এখন কীভাবে এই ব্যবসা চালিয়ে যাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, পুকুরের মাছ মারা যাওয়ার বিষয়ে তাঁদের কেউ এখনো অবহিত করেননি। বিষয়টি জানানো হলে মাছের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া সম্ভব হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।