চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ফেসবুক পেজ হ্যাক, জুয়ার লিংক ছড়ানোর পর দুঃখ প্রকাশ করে বিবৃতি
বড় পুরস্কার" ও দ্রুত পেমেন্টের প্রলোভন দেখিয়ে অননুমোদিতভাবে বার্তা পাঠানো হয় পেজ থেকে, নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জেলা প্রশাসন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ (DC Chuadanga) হ্যাক বা অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহারকারীদের কাছে জুয়ার প্রচারণামূলক বার্তা পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জেলা প্রশাসন।
পেজ থেকে পাঠানো বার্তায় লেখা ছিল, "আমি বড় পুরস্কার জিতেছি! আপনি কি জিততে চান? উচ্চ অঙ্ক এবং দ্রুত পেমেন্ট সহ আমার মতো জিতুন!" — সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি সন্দেহজনক লিংক, যা জুয়া-সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের দিকে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
জেলা প্রশাসনের বিবৃতি
ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা-এর অফিসিয়াল ফেসবুক পেজটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক করা/অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। এ সময় পেজ থেকে প্রকাশিত কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, বার্তা (মেসেজ) বা অন্যান্য কার্যক্রমের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"
বিবৃতিতে আরও বলা হয়, উক্ত অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের সঙ্গে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার কোনো সম্পৃক্ততা নেই। পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাময়িক এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জেলা প্রশাসন।
উদ্বেগের কারণ
সরকারি প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেজের নাম ব্যবহার করে এ ধরনের বার্তা পাঠানো হলে তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আস্থাহীনতা তৈরি করতে পারে। উল্লেখ্য, মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চল বাংলাদেশে অনলাইন জুয়ার এজেন্টদের একটি পরিচিত কেন্দ্র হিসেবে আগে থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে।
সতর্কতা
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করা এবং এ ধরনের বার্তা পেলে তা রিপোর্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি।