শিক্ষার মানোন্নয়নে আল-আযহার মাদরাসায় দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
রংপুর প্রতিনিধি: শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে রংপুরের আল-আযহার মাদরাসায় দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাদরাসার শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ, আধুনিক শিক্ষাদান কৌশল, শিক্ষকতার পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে শিক্ষকদের অংশগ্রহণমূলক কার্যক্রম, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান আরও উন্নত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, একজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণের আয়োজনের প্রত্যাশা জানান।
আয়োজকদের আশা, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।