রংপুরে এএসআই নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভুয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের তথ্য ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ; এক ফায়ার সার্ভিস কর্মকর্তাও আটক
রংপুরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১ আগস্ট) রংপুর মহানগরীর হনুমানতলা ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনসংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আশরাফুল ইসলাম (২১), রংপুরের কামালকাছনা ফায়ার সার্ভিস কার্যালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাদশা মাসউদ আলম (৪৮), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তাজমিলুর রহমান (১৯) এবং নীলফামারী সদর উপজেলার নুরুল ইসলাম (৪৬)।
ডিবি পুলিশ জানায়, গত ৩১ জুলাই পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ফেস ডিটেকশন পয়েন্টে আশরাফুল ইসলামকে একটি জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রবেশপত্রটি ভুয়া বলে স্বীকার করে এবং এ জালিয়াতির সঙ্গে আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক অপর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় Public Examinations (Offences) (Amendment) Act, 2026-এর ৩ ও ১৩ ধারাসহ দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪০৯, ৪৬৮, ৪৭১, ৪৭৪, ১০৯, ১৭০ ও ৩৪ ধারায় রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫৯, তারিখ ৩১ জুলাই ২০২৬।
ডিবি পুলিশ জানিয়েছে, জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।