হারের পর পাকিস্তানের জন্য নতুন ধাক্কা, আইসিসির শাস্তি পেলেন আব্বাস ও খুররম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের হতাশা কাটার আগেই নতুন ধাক্কা খেল পাকিস্তান। ম্যাচ শেষে আচরণবিধি ভঙ্গের দায়ে দলের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই ক্রিকেটারই আইসিসির আচরণবিধির লেভেল–১ লঙ্ঘন করেছেন। এর মধ্যে খুররম শেহজাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি দুজনের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে অপমান করা বা উসকানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আচরণ প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। ১৭তম ওভারে শাই হোপকে বোল্ড করার পর খুররম শেহজাদ তার দিকে এগিয়ে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেন। অন্যদিকে ইনিংসের শেষদিকে জোমেল ওয়ারিকানকে বোল্ড করার পর একই ধরনের আগ্রাসী উদযাপন করেন মোহাম্মদ আব্বাস।
মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার জয়ারামন মদনগোপাল অভিযোগ উত্থাপন করেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি অনুমোদন করেন।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আব্বাস ও খুররম। দুই ক্রিকেটারই অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।