বেরোবির এমআইএস বিভাগে র্যাগিং অভিযোগে তদন্ত, ১৯তম ব্যাচের ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত
রংপুর প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে র্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিভাগ কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত বিভাগের ১৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪–২৫) সব ধরনের ক্লাস কার্যক্রম ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের নবীন শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ১৯তম ব্যাচের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না, তাদের স্থগিত থাকা ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম পরবর্তীতে পুনরায় চালু করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিষয়টির পরবর্তী অগ্রগতি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।