পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিয়ারের নিচের মাটি কাটার অভিযোগ, কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেল সংযোগ সেতুর চারটি পিয়ারের নিচের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র পিয়ারের আশপাশের মাটি কেটে পার্শ্ববর্তী ইটভাটায় বিক্রি করছে, যা সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, আলীগঞ্জ–ইদ্রাকপুর এলাকায় ৮৪ নম্বর পিয়ার থেকে ৮৭ নম্বর পিয়ার পর্যন্ত প্রায় ছয় ফুট গভীর গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে সেতুর পিয়ারের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় ভেকু দিয়ে মাটি কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়।
ফতুল্লা মডেল থানার প্রশাসন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু বক্কর ও তার অনুসারীরা কয়েক দিন ধরে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, সরকারি স্থাপনার মাটি এভাবে কেটে বিক্রি করা ঠিক নয়।
ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেছেন, এটি প্রকল্পের কাজের অংশ হিসেবে করা হচ্ছিল। বিষয়টি যাচাই করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, রেলওয়ের পক্ষ থেকে এ ধরনের মাটি কাটার কোনো অনুমোদন নেই। কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এটি প্রকল্পের অস্থায়ী রাস্তার অংশ হতে পারে বলে দাবি করা হলেও বিতর্ক সৃষ্টি হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে এবং ওই স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।