দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ (২১)। তিনি ইসরাইলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর একটি সাঁজোয়া ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।
আইডিএফের তথ্য অনুযায়ী, লেবাননের লিতানি নদীর উত্তরাঞ্চলে অবস্থানরত একটি ইসরাইলি ট্যাংককে লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হিজবুল্লাহর এক যোদ্ধা দূরনিয়ন্ত্রিত ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাংকে আঘাত হানলে ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।
এ ঘটনার পরপরই ইসরাইলি বাহিনী ব্যাপক পাল্টা অভিযান চালায়। আইডিএফ জানিয়েছে, যে এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, তার আশপাশে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা এবং কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হামলা নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: টাইমস অব ইসরাইল