চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধের সমাধান চেয়ে এক শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন ফুটবল খেলোয়াড় ঐশি দে। তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও ভুয়া।
ঐশি দে’র অভিযোগ, বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে তাঁর অধিকার রয়েছে। কিন্তু তাঁর ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন তিনি।
বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারকে দায়িত্ব দেন। অভিযোগ, বিরোধ মীমাংার বিনিময়ে শ্যামল মাস্টার ঐশিকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’
এ প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধের সমাধান হয়নি বলে দাবি ঐশির। এ নিয়ে গত দুই সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনা চলছে। একপর্যায়ে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন। পরে সংবাদ সম্মেলনেও অভিযোগ তুলে ধরেন ঐশি।
এদিকে ঐশির অভিযোগ সামনে আসার পর পাল্টা সংবাদ সম্মেলন করেন শ্যামল মাস্টার। গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে তিনি দাবি করেন, সংসদ সদস্যের নির্দেশে পারিবারিক বিরোধ সমাধানের চেষ্টা করেছিলেন। তবে ঐশির মা ও ভাই তাঁর প্রস্তাব অনুযায়ী সমাধানে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি।
ঐশির সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেন শ্যামল মাস্টার। তাঁর বক্তব্য, ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের চ্যাটিং হয়নি। স্ক্রিনশট পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসীর বিচার মেনে নেবেন বলেও জানান তিনি।
গৈড়লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকাকালে নারীসংক্রান্ত ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে স্কুলে যেতে বাধা দিয়েছিলেন—এমন অভিযোগও অস্বীকার করেন শ্যামল মাস্টার।
অন্যদিকে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। স্ক্রিনশট ভুয়া দাবি করে শ্যামল মাস্টারের দেওয়া চ্যালেঞ্জকে স্বাগত জানান তিনি। ঐশির দাবি, শ্যামল মাস্টার তাঁদের একই ইউনিয়নের বাসিন্দা এবং তাঁকে চাচা বলে সম্বোধন করতেন। তাঁর কাছ থেকে এমন প্রস্তাব আশা করেননি তিনি।