খুলনায় রাতভর বিএনপি নেতাকর্মীদের মিছিল ও পাহারা
খুলনার পাড়া-মহল্লায় রাতভর মিছিল, স্লোগান ও পাহারায় ব্যস্ত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল করার পাশাপাশি রাতভর পাহারা দেন তাঁরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। রাতের বেশির ভাগ সময় তাঁরা এলাকায় অবস্থান নিয়ে পাহারা দেন বলে জানা গেছে।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, নগরের প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপি নেতাকর্মীরা।