কাজ শেষের আগেই চূড়ান্ত বিল দাবি, অস্বীকৃতি জানানোয় প্রকৌশলীকে ঘুসি ঠিকাদারের
নীলফামারীতে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একাডেমিক ভবনের চূড়ান্ত বিল পরিশোধের দাবি করেছিলেন এক ঠিকাদার। তবে কাজ সম্পন্ন না হওয়ায় বিল দিতে অস্বীকৃতি জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রকৌশলীকে ঘুসি মারার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জেলা শহরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ঠিকাদারের নাম মিঠু শেখ (৪৩)। তিনি নীলফামারী পৌরসভার শাহিপাড়া এলাকার বাদল শেখের ছেলে এবং মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী। অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাটের এসএস এন্টারপ্রাইজ নামের মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের সাব-ঠিকাদারি নেন তিনি।
প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় চারতলা ভিত্তিসহ একতলা ভবন নির্মাণের কথা রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবন নির্মাণকাজের বিপরীতে চলতি বিল হিসেবে ঠিকাদার মিঠু শেখ ইতিমধ্যে ১ কোটি ১৭ লাখ টাকা পেয়েছেন। তবে কাজ শেষ না হলেও গত কয়েক দিন ধরে তিনি বারবার চূড়ান্ত বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন।
হাজেরুল ইসলাম বলেন, বুধবার সকালে মিঠু তাঁর কার্যালয়ে এসে চূড়ান্ত বিল অনুমোদন করে দিতে বলেন। কাজ শেষ না হওয়ায় তিনি বিল দিতে অস্বীকৃতি জানালে মিঠু তাঁকে ঘুসি মারেন।
এ ঘটনায় ঠিকাদার মিঠু শেখের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।