রোমানিয়ার সুলিনা খালের কাছে কৃষ্ণসাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে ড্রোন চালানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কু। এ ঘটনায় সশস্ত্র বাহিনী দুবার যুদ্ধবিমান পাঠাতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী স্তেফান রাদু ওপ্রেয়া জানিয়েছেন, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে হামলার পর জাহাজের নাবিকরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ন্যাটো সদস্য রাষ্ট্র রোমানিয়া ও বুলগেরিয়ার কাছাকাছি বাণিজ্যিক জাহাজগুলোতে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা প্রমাণ করে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামুদ্রিক যুদ্ধ কীভাবে কৃষ্ণসাগরে ন্যাটোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুলিনা খালটি রোমানিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যা দানিউব নদীকে কৃষ্ণসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ইউক্রেন তাদের পণ্য রপ্তানির কাজে এটি ব্যবহার করে থাকে।
রোমানিয়ার কর্মকর্তারা ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা নিশ্চিত করতে পারেননি। তবে তাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণেই এসব ঘটনা ঘটছে। নিকুলেস্কু বলেন, এই ঘটনাগুলো অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এগুলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন।
তিনি কৃষ্ণসাগরে নিরাপত্তা জোরদার করতে মিত্রদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নিকুলেস্কু আরও জানান, রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাডারে ওই এলাকায় আকাশপথে কিছু লক্ষ্যবস্তু শনাক্ত হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে রোমানিয়ার বিমানবাহিনী দুবার যুদ্ধবিমান পাঠিয়েছে।
যদিও মস্কো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার কথা অস্বীকার করেছে। ওপ্রেয়া জানান, আক্রান্ত তিনটি জাহাজের মধ্যে রয়েছে গ্রিসের পতাকাবাহী তেল ও রাসায়নিক ট্যাঙ্কার ‘এভিয়া পেট্রোল ভি’ এবং সেন্ট কিটস ও নেভিসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মারসোল’ ও তেলবাহী ট্যাঙ্কার ‘আলি নাজাফভ’।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘এভিয়া পেট্রোল ভি’ ও ‘মারসোল’ জাহাজ দুটি সুলিনা খালের দক্ষিণ-পূর্ব দিকে যথাক্রমে ৪ ও ৫ নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ রোমানিয়ার জলসীমার ভেতরে আক্রান্ত হয়েছে। ওপ্রেয়া আরও জানান, শুক্রবার গভীর রাতে আরও একটি সাধারণ পণ্যবাহী জাহাজ ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডিজি২৪’-এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি ছিল পালাউয়ের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘ল্যারিসা ১’। রোমানিয়া বাড়তি সহায়তার অনুরোধ জানালে ফ্রান্স সাময়িকভাবে তাদের ‘আটলান্টিক ২’ সামুদ্রিক টহল বিমান সেখানে মোতায়েন করেছে। অক্টোবর ও নভেম্বর মাসে যেসব জাহাজে আঘাত হানা হয়েছিল, সেগুলোর অনেকগুলোই সুলিনা খালের কাছাকাছি নোঙর করা ছিল অথবা খালটি দিয়ে যাতায়াত করছিল।
সূত্র: রয়টার্স।
বিডি প্রতিদিন/আরকে