সত্য কথা বলতে ভয় পাচ্ছি: পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বক্তব্যে উদ্বেগ নুসরাতের
কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার দেওয়া বক্তব্যের পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
তিনি বলেছেন, ‘সত্য কথা বলতে এখন আমি ভয় পাচ্ছি। তাঁর এই কথার কারণে এজিএম সাহেবের চাকরির কোনো ক্ষতি হয়ে গেলে তার জন্য আমি দায়ী হয়ে যাব।’
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।
এর আগে প্রাগপুর পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের জানান, নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।
তোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার, বৈদ্যুতিক তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পরীক্ষা করা হয়েছে। এ সময় কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া যায়। ট্রান্সফরমারের ফিউজও অক্ষত ছিল। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গেও ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, বাড়িটির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নুসরাত বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।